মশক নিধনে নাসিকের গাফিলতির প্রতিবাদে মানববন্ধন 

নারায়ণগঞ্জে ডেঙ্গু, চিকনগুনিয়া ও ভাইরাস জ্বরের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের চাষাঢ়া, দেওভোগ, মাসদাইর, খানপুর, তল্লা, টানবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন এসব জ্বরে। এরই মধ্যে বহু প্রাণহানি হয়েছে। কিন্তু মশক নিধন কার্যক্রমের ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নির্ভীকের সমন্বয়ক এটিএম কামাল।

শনিবার (২৩ আগস্ট) পরিবেশবান্ধব মানবিক সংগঠন ‘নির্ভিক’-এর আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি  বলেন, “দুঃখজনক হলেও সত্য, এ শহরে বহুদিন ধরে মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না। অথচ এই জ্বরগুলোর প্রধান বাহকই হচ্ছে মশা। প্রতিটি ঘরে ঘরে রোগ ছড়িয়ে দিচ্ছে তারা।”

এটিএম কামাল অভিযোগ করে বলেন, “আমরা জেনেছি সিটি করপোরেশনে মশক নিধনের বাজেট থাকলেও ইউনিয়ন পরিষদে এর কোনো বরাদ্দ নেই। অথচ সিটি করপোরেশনের বাজেট থাকা সত্ত্বেও তারা কার্যকর কোনো মশক নিধন কর্মসূচি চালাচ্ছে না। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও যোগ করেন,, “নারায়ণগঞ্জ শহরের ড্রেনগুলো দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে আছে। সংস্কারের কাজ যেভাবে বছরের পর বছর ধরে ঝুলে আছে, তা জনগণকে ভোগান্তির মধ্যে ফেলছে। আমি অনুরোধ করবো—ড্রেনগুলো দ্রুত পরিচ্ছন্ন করুন, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন এবং নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম চালান।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শাহীন, নাফিসা আক্তার, সাগর, আক্তার হোসেন, রবি আল হায়দারী ও মো. তৌহিদ পারভেজ সাগর।