আবার ঝড় তুললেন নুসরাত জাহান

পশ্চিমবঙ্গের বহুল চর্চিত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। সোজাসাপটা কথা ও ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করার কারণেও সমালোচনার জন্ম হয় তাকে নিয়ে। তবে এবার আর বিতর্ক বা সমালোচনা নয়, নতুন একটি আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সিনেমা ‘রক্তবীজ ২’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ। এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন নুসরাত জাহান। শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক, গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী। এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় ছবির টিজার, যা দেখে ছবির প্রতি কৌতূহল বাড়ে দর্শকের। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস।

এর আগে গত ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’-এর একটি আইটেম গানে দ্যুতি ছড়ান নুসরাত। এরপর নিজের পূর্ণাঙ্গ সিনেমা ‘আড়ি’র মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শকের সামনে আসছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনার দায়িত্বে আছেন তিনি এবং তার স্বামী অভিনেতা যশ।