রাজনৈতিক সভা-সমাবেশের জন্য ব্যস্ত সড়ক পরিহারের অনুরোধ

যেকোনো রাজনৈতিক কর্মসূচিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহারের অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বিকল্প স্থান হিসেবে যেখানে জনভোগান্তি থাকবে না, সেখানে সভা-সমাবেশ ও মিটিং-মিছিলের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গতকাল শনিবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় এবং মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এ অনুরোধ করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির প্রস্তুতির কথা তুলে ধরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির সর্বোচ্চসংখ্যক ফোর্স মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি জনদুর্ভোগ এড়াতে যান চলাচলের স্থানে সভা-সমাবেশ না করে সুবিধাজনক বিকল্প স্থানে কর্মসূচি আয়োজনের অনুরোধ করেন। রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী, মুমূর্ষু রোগী হাসপাতালে যথা সময় পৌঁছাতে পারে না। একজন পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে না। তাই এ অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সভা-সমাবেশ করার জন্য কিছু স্থান প্রস্তাব করা হয়েছে। ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন সমাবেশ করার জন্য প্রস্তাবিত ৯১টি স্থান বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁও বিভাগে ১২টি, লালবাগ বিভাগে ১৭টি, ওয়ারী বিভাগে ১৪টি, গুলশান বিভাগে ৮টি, মিরপুর বিভাগে ১১টি, উত্তরা বিভাগে ১০টি ও রমনা বিভাগে ৪টি।