আনসার একাডেমিতে ডিজি

প্রশিক্ষণ নিয়ে দক্ষ হতে হবে বাহিনীকে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘রাষ্ট্রের চাহিদা অনুযায়ী দক্ষ বাহিনী গড়ে তুলতে যুগোপযোগী প্রশিক্ষণ অপরিহার্য। আনসার ও ভিডিপি বাহিনী সমাজ ও মানুষের প্রয়োজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাই এ বাহিনীতে অদক্ষ সদস্যের স্থান নেই।’

গতকাল শনিবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এপিসি ও পিসি সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণের (৫ম ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের অভ্যুদয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীকে আরও যুগোপযোগী করা হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তায় এই প্রশিক্ষণ নতুন মাত্রা যোগ করবে।’

আনসার ডিজি বলেন, সংখ্যাগত উপস্থিতি নয়, নিরাপত্তা সেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এই সতেজকরণ প্রশিক্ষণ চালু করা হয়েছে। এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে। গ্রাম থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে বাহিনী নিবেদিতভাবে কাজ করছে।

তিনি বলেন, জনগণের আকাক্সক্ষা পূরণে আনসার ও ভিডিপি সদস্যরা সুপ্রশিক্ষিত ও সক্ষম হতে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে ডিজির সঙ্গে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছারসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।