ঠাকুরগাঁওয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ওষুধ কিনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় জড়িত প্রধান আসামি হামিদুর ও সহযোগী ইসরাত জাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জাহেরুল নামের আরেক আসামি এখনো পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারটি গত শুক্রবার সন্ধায় ভুল্লী থানায় অভিযোগ করলে রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান (৫২), বালিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন (২৩)। এ ঘটনায় অভিযুক্ত বড়গাঁও ইউনিয়নের সেনপাড়া এলাকার রজব উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম (৪৮) পলাতক রয়েছেন।

ভুল্লী থানার ওসি সাইফুল সরকার জানান, ভুক্তভোগী পরিবারটি শুক্রবার রাত ৯টার দিকে তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে গতকাল শনিবার সকালে কোর্টে পাঠানো হয়েছে।

বোয়ালমারীতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১ : ফরিদপুরের বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মফিজুর রহমান মল্লিক (৪২)। গত শুক্রবার দুপুর ১২টার দিকে কেরশাইল জামে মসজিদের শৌচাগারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে শুক্রবার রাত ১১টার দিকে বোয়ালমারী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। আসামিকে গতকাল শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, অভিযোগের পর অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।