নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুটি পরিবারের নারী শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। গত শুক্রবার রাত সোয়া ৩টার দিকে মিজমিজি পাইনাদী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা বলেন, তাহেরা বেগম (৬৫) তার মেয়ের জামাই হাসান (৩৭), মেয়ে সালমা (৩০), নাতি মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আরেক ছেলের স্ত্রী আসমা (৩৫), নাতি তিসা (১৬), আরাফাত (১৩)। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ সবার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার দলাশ গ্রামে।
তাহেরার ছোট বোন মরিয়ম বলেন, ‘আমার বড় বোন গত ৩ মাস আগে তার মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে আসেন। রাত সোয়া ৩টার দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে গেছে।’