দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে দুই শিশু ও এক কিশোরসহ চার জন মারা গেছেন। তারা সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। একদিনে মৃত্যুর এই সংখ্যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে দুদিন, ১৩ জুন ও ২২ আগস্ট বছরের সর্বোচ্চ পাঁচ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার মারা যাওয়া চার জনের মধ্যে চার বছর ও পাঁচ বছরের দুটি শিশুকন্যা রয়েছে। অন্য দুজনের মধ্যে একজন ১৫ বছর বয়সী এক কিশোর। তেঁতুলিয়া থেকে আসা এই রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। অন্য জন ২৬ বছর বয়সী এক তরুণী। রাজধানীর খিলগাঁওয়ের এ বাসিন্দার মৃত্যু হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।
এ বছর ডেঙ্গুতে মোট ১১৪ জন মারা গেলেন। তাদের মধ্যে ৬৫ জন বা ৫৭ শতাংশ পুরুষ ও ৪৯ জন বা ৪৩ শতাংশ নারী। এ মাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ৬৮ জন, যা দিনের মোট ভর্তি রোগীর ২৮ শতাংশ। এরপর চট্টগ্রাম বিভাগে ৫৭ জন বা ২৩ শতাংশ ও বরিশাল বিভাগে ৫৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, ঢাকা বিভাগে ৩১ জন ও ময়মনসিংহ বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩০৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৪০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৬৭ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জন।