ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে “প্রকৌশলী অধিকার আন্দোলন” নামের প্ল্যাটফর্ম তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে। 

এ কর্মসূচিতে বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন। 

সংহতি জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরাও।

প্ল্যাটফর্মটির সাধারণ সম্পাদক ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিবুল হক লিপু জানান, প্রথম ধাপে ২৪, ২৫ ও ২৬ আগস্ট তিন দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। 

তিনি সতর্ক করে বলেন, “দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে। আপাতত বর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকছি।”

বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, ডিপ্লোমাধারীরা কোনো বিসিএস পরীক্ষা না দিয়েই বিভিন্ন দপ্তরে নন-ক্যাডার পদে যোগ দিয়ে কয়েক বছরের মধ্যে ক্যাডার হিসেবে পদোন্নতি পাচ্ছেন। 

অথচ বিসিএসের ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রি, যা তাদের নেই। এতে করে প্রকৃত বিএসসি প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন।

তাদের দাবি, একই বছরে বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলী আগে যোগ দিলেও পরবর্তীতে কোনো ডিপ্লোমাধারী পদোন্নতি পেলে তাকে সিনিয়রিটি দেওয়া হয়। এতে মেধাবী শিক্ষার্থীরা জুনিয়র হয়ে পড়ে—যা এক ধরনের বৈষম্য।

এছাড়া বলা হয়, বিএসসি ডিগ্রিধারীদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ডিপ্লোমাধারীরা রিট করে তা আটকে দেন। 

ফলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলীরা নিয়োগবঞ্চিত হন এবং প্রতিষ্ঠানগুলো বাধ্য হয় ডিপ্লোমাধারীদের চলতি দায়িত্বে বা ভারপ্রাপ্ত হিসেবে প্রমোশন দিতে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ডিগ্রি। কোনো কোটার ভিত্তিতে পদোন্নতি দেওয়া যাবে না।

২. দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলীর পদে নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমা—উভয় ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অস্বীকৃত (নন-অ্যাক্রিডেটেড) বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইবি-বিএইটিই’র আওতায় আনতে হবে।