রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৩ আগস্ট) জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে দুটি ইউক্রেনীয় গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বাহিনীর সাম্প্রতিক অভিযানের পর সেরেদনে এবং ক্লেবান বাইক গ্রাম রাশিয়ার দখলে চলে এসেছে।
রাশিয়ান পক্ষের বিবৃতিতে আরও জানানো হয়েছে, তাদের বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং কামানগুলো ইউক্রেনীয় সামরিক-শিল্প কমপ্লেক্স এবং ১৪৩টি এলাকায় স্থাপিত ইউক্রেনীয় সশস্ত্র গঠন ও বিদেশী যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটিতে আঘাত করেছে।
অন্যদিকে, ইউক্রেনীয় বিমান হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত সপ্তাহে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চারটি নির্দেশিত বিমান বোমা এবং ১৬০টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
কিয়েভ রাশিয়ার এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। সংঘাত চলমান থাকায় এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন।
তথ্যসূত্র: আনাদোলু