রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে ভিডিও বানানোর সময় নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। তার নাম নিরব রায় উৎস (১৮)। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটার দিকে নিরবসহ সাতজন বন্ধু সেতু এলাকায় ঘুরতে আসে।
একপর্যায়ে টিকটক ভিডিও তৈরির উদ্দেশ্যে সাহসিকতা দেখাতে নিরব, সাকিল ও রুপম নদীতে লাফ দেয়। এদের মধ্যে সাকিল ও রুপম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিরব পানির প্রবল স্রোতে ভেসে যান।
চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। গংগাচড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে রাত নয়টা পর্যন্ত তল্লাশি চালালেও নিরবকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের বাসিন্দা তপন রায়ের ছেলে।
গংগাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ‘‘প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম জটিল হয়ে পড়েছে। তবে তাকে না পাওয়া পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকবে।’’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘‘এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ তরুণদের জন্য মারাত্মক বিপজ্জনক। অভিভাবকসহ সবাইকে আরও সতর্ক থাকতে হবে।’’