জাতীয় ঐকমত্য কমিশনে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বিষয়ে মতামত জমা দিয়েছে ২৬টি রাজনৈতিক দল।
আজ রবিবার (২৪ আগস্ট) বেলা ১টার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য যথাক্রমে ২৫তম ও ২৬তম দল হিসেবে তাদের মতামত জমা দেয়।
গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়। এরপর গত বুধবার (২০ আগস্ট) কমিশনের পক্ষ থেকে মতামত প্রদানের সময়সীমা বৃদ্ধি করে ২২ আগস্ট বিকেল ৩টা করা হয়।
এর ধারাবাহিকতায় গত শুক্রবার (২২ আগস্ট) মোট ২৪টি দল তাদের মতামত জমা দেয়। দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
এদিকে, এখনও চারটি রাজনৈতিক দল তাদের মতামত জমা দেয়নি। দলগুলো হলো- গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।