ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব তুলেছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের।

রোববার (২৪ আগস্ট) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় তিনি ডাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের জন্য আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন।

প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের ভোটকেন্দ্র সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে স্থাপন।

কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোটকেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে করা।

মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে এ পর্যন্ত যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ।

নির্দিষ্ট কোনো আলাদা ভোটার আইডি না দিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ড ব্যবহার করে ভোটদান প্রক্রিয়া চালু করা।

প্রার্থীদের আসল নামের পাশাপাশি প্রচলিত ডাকনামও ব্যালটে অন্তর্ভুক্ত করা।

ব্যালট পেপারে নাম ও নম্বরের পাশাপাশি প্রার্থীর ছবি সংযোজন।

নারী প্রার্থীদের অনলাইনে হয়রানি ও সাইবার বুলিং থেকে সুরক্ষা নিশ্চিত করা।

প্রার্থীদের মধ্যে কেউ মাদকাসক্ত কি না তা নিশ্চিত করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা।

জুবায়ের অভিযোগ করেন, “অভ্যুত্থানকালে হামলায় জড়িত ফ্যাসিবাদী কিছু শিক্ষক এখনো দায়িত্বে বহাল আছেন। তাদের সরানো না হলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। চিহ্নিত এসব শিক্ষকদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ ও কেন্দ্রীয় সদস্য সম্পাদক আব্দুর রহমান আল ফাহাদ।