নতুন মৌসুমে প্রথমবার ভিলার হয়ে খেলতে নেমে গোল খেলেন বাজপাখী

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে ফিরলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। তবে তার প্রত্যাবর্তনটা সুখকর হয়নি বাজপাখীর, কারণ ভিলা হেরে গেছে ১-০ গোলে। এই হারের পরও তার দল ছাড়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ, অন্তত ইউরোপের ট্রান্সফার মার্কেটে শেষ মুহূর্তে কিছু না ঘটলে।

ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত তেমন কোনো কার্যকর প্রস্তাব আসেনি। ইউনাইটেড কেবল ধারে নেওয়ার প্রস্তাব দিয়েছিল, যা ভিলার কাছে গ্রহণযোগ্য হয়নি। ফলে আলোচনা থেমে যায়। এর আগে ফিনান্সিয়াল ফেয়ার প্লে সমস্যার কারণে অ্যাস্টন ভিলা তাকে বিক্রি করার চিন্তা করেছিল, আর দিবুও ইউরোপের আরও শক্তিশালী ক্লাবে যেতে আগ্রহী ছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে লিয়ান্দার ডেনডঙ্কার, অ্যালেক্স মোরেনো, এনজো বারেনেচিয়া, লিওন বেইলি ও জেকব র‌্যামসির বিদায়ে ভিলার বেতন কাঠামোর চাপ কিছুটা হালকা হয়েছে। তাই দিবুকে বিক্রি করার প্রয়োজন আর তেমন জরুরি নয়। অন্যদিকে সৌদি আরব থেকেও প্রস্তাব এসেছে, কিন্তু সেই গন্তব্যে যেতে রাজি নন তিনি।

৩৩ বছর বয়সী এই গোলরক্ষক গত বছরই ২০২৯ পর্যন্ত ভিলার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন। তাই আপাতত ধারণা করা হচ্ছে, অন্তত আগামী ছয় মাস তিনি ভিলাতেই থাকবেন। ভিলা পার্কে তিনি সমর্থকদের প্রিয় খেলোয়াড়। সামনে ইউরোপা লিগের চ্যালেঞ্জ রয়েছে, আর প্রিমিয়ার লিগে খেলা জাতীয় দলের সঙ্গেও তাকে সরাসরি যুক্ত রাখবে। ফলে আসন্ন বিশ্বকাপের পথে আর্জেন্টিনার গোলবারে নিজের জায়গা ধরে রাখার জন্য এটিই হতে পারে সেরা সুযোগ।