চলতি সপ্তাহেই চাকসু নির্বাচনের তফসিল

ডাকসু, রাকসু ও জাকসুর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে প্রশাসন। বৃহস্পতিবারের মধ্যেই তফসিল ঘোষণা দিতে পারে চাকসু নির্বাচন পরিচালনা কমিটি। এমন তথ্য নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি চাকসু নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার (২৪ আগস্ট) বিকালের দিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা সম্পর্কে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি শেষের দিকে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চাকসু নির্বাচন আয়োজনের সমস্ত কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সভা আয়োজন করবো খুব দ্রুত সময়ে। আগামী মঙ্গলবার কমিটির সভা অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন সংক্রান্ত সকল কাজের খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চাকসু নির্বাচনের জন্য খুব দ্রুতই নির্বাচনী আচরণবিধিও প্রকাশ করা হবে। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় সচল করার কাজও প্রায় শেষ। আশা করি একটা সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজন করা হবে।’

জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘আগামী মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির একটা সভা অনুষ্ঠিত হবে। সেই মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হবে যে নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে। তবে বৃহস্পতিবারের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চাকসু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের কার্যালয় চাকসু ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশে স্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চাকসু নির্বাচনের আচরণবিধি কখন প্রকাশ করা যেতে পারে সেটা মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরাই চাকসু নির্বাচনের ভোটার হতে পারবেন। তবে যারা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কোর্সে অধ্যয়নরত আছেন তারা ভোটার হতে পারবেন না। এমফিল, পিএইচডি কোর্সের নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার ও নির্বাচনের প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে অনিয়মিত শিক্ষার্থীরা সেটা পারবেন না।’

এবারের চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন। কমিটির সদস্য সচিব শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী (ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ); অধ্যাপক ড. মু. আফর উল্লাহ তালুকদার (ডিন, আইন অনুষদ); অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক (প্রভোস্ট, শামসুন নাহার হল); অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (পরিচালক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র); অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ (প্রক্টর); অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ (লোকপ্রশাসন বিভাগ); অধ্যাপক ড. রুমানা আক্তার (সভাপতি, মনোবিজ্ঞান বিভাগ); অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস); সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব (ইংরেজি বিভাগ)।

এদিকে চাকসুর তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে চবির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে শতভাগ আবাসন নিশ্চিত, সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটি। এসময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।