জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ

নেত্রকোনার কলমাকান্দায় জীবিত বড় ভাইকে মৃত দেখিয়ে এবং মা ও বোনকে বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই মো. আ. হেলিম (৬৫) সংবাদ সম্মেলন করে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে কলমাকান্দা প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মৃত আ. খালেকের ২৫ শতাংশ জমি তার চার উত্তরসূরিÑ বড় ছেলে মো. আ. হেলিম, ছোট ছেলে মো. সহিদ মিয়া, মেয়ে জাহেরা খাতুন ও স্ত্রী আমিনা খাতুন বৈধভাবে উত্তরাধিকারসূত্রে মালিক হন। কিন্তু ছোট ভাই মো. সহিদ মিয়া কৌশলে বড় ভাই আ. হেলিমকে ‘মৃত’ ও ‘নিঃসন্তান’ দেখিয়ে আদালতে মিথ্যা তথ্য দাখিল করেন। একই সঙ্গে মা ও বোনের নাম বাদ দিয়ে নেত্রকোনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২০১৪ সালে মামলা (মোকদ্দমা নম্বর-২৭২৮/১৪) করে একতরফা প্রশ্নবিদ্ধ ডিক্রি নেন।

সংবাদ সম্মেলনে মো. আ. হেলিম বলেন, ‘আমি বিবাহিত, আমার ছয় কন্যা ও এক ছেলে রয়েছে। তবুও সহিদ মিয়া আমাকে মৃত ও নিঃসন্তান দেখিয়ে আদালতে জালিয়াতি করেছে। এখন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। এতে পারিবারিক অশান্তি ছাড়াও এলাকায় শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সহিদ মিয়া শুধু প্রতারণাই করেননি, তিনি ও তার সন্তানরা বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে আমরা পরিবার-পরিজন নিয়ে ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছি। আমাদের জানমালের নিরাপত্তা বিপন্ন।’

হেলিম প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা অবিলম্বে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’

সংবাদ সম্মেলনে তার বোন মোসা. জাহেরা খাতুন, বয়োবৃদ্ধা মা আমিনা খাতুনসহ স্থানীয় ইউপি সদস্য কাজী মো. আব্দুল মালেক ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, জীবিত ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এর ফলে গ্রামে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিকের হাতে জমি ফিরিয়ে দেওয়া জরুরি।