নানা আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর অবশেষে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্ততে আরও দুটি থানার ওসিকে বদলি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলী ইফতেখারকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) এবং শাহ আলী থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদকে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, ডিএমপির পরিবহন বিভাগের পরিদর্শক গোলাম আজমকে শাহ আলী থানার নতুন ওসি করা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারির শুরুতে ছিনতাই, কিশোর গ্যাংয়ের কার্যকলাপ এবং অন্যান্য অপরাধ বৃদ্ধি হলে মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী।গত মাসে ছিনতাইয়ের অভিযোগ দিতে গিয়ে মোহাম্মদপুর থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার অসদাচরণের অভিযোগ আনেন এক ভুক্তভোগী। ওই ঘটনায় পরে চার পুলিশ সদস্যকে অপসারণ করা হলেও, ওসি ইফতেখার স্বপদে বহাল ছিলেন।