বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসায় মার্কিন পররাষ্ট্র দপ্তর

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এই অঞ্চলের অন্য যেসব দেশ রোহিঙ্গাসহ মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, তাদের প্রতিও প্রশংসা জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় রবিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ প্রশংসা জানান দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট।

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের পাশে রয়েছে। সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিও সংহতি জানাচ্ছে যুক্তরাষ্ট্র। 

তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি, মিয়ানমারের শরণার্থীদের জন্য দরজা খুলে রাখা অন্যান্য দেশগুলোকেও সমানভাবে প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযান শুরু হলে কয়েক মাসের মধ্যেই সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেই চার লাখের মতো রোহিঙ্গা বসবাস করছিল কক্সবাজারে। বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। শুধু ক্যাম্পগুলোতেই প্রতিবছর প্রায় ৩০ হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে।

চলমান এই মানবিক সংকটে দীর্ঘমেয়াদি চাপ বহন করছে বাংলাদেশ, আর সেই ভূমিকাকেই বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।