রাজনৈতিক বৈরিতার মাঝে আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে থাকা দুই দল যদি প্রত্যাশিতভাবেই সুপার ফোরে উঠতে পারে, তবে তাদের আরও একবার লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব। আপাতত গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বরের ম্যাচ নিয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন নতুন করে আলোচনার জন্ম দিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক পাকিস্তানের ভারতের বিপক্ষে সম্ভাবনা জানতে চাইলে রউফ দ্বিধাহীনভাবে জবাব দেন— ‘দোনো আপনে হ্যায়, ইনশাআল্লাহ’ (দুটো ম্যাচই আমাদের, ইনশাআল্লাহ)। তার এই মন্তব্য পাকিস্তানি সমর্থকদের আশাবাদী করলেও বাস্তবতা কিছুটা ভিন্ন। সদ্য বাংলাদেশ সিরিজে হতাশাজনক পরাজয়ের পর চাপ নিয়েই এশিয়া কাপে নামছে পাকিস্তান। বিপরীতে ভারত এই আসরের হট ফেবারিট।
যে কোনো বিচারেই ভারতের এশিয়া কাপ স্কোয়াড খুবই শক্তিশালী। তাছাড়া ভারতের বিপক্ষে ইতিহাসও পাকিস্তানের পক্ষে নয়। বহুজাতিক টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পাকিস্তানের ওপর আধিপত্য দেখিয়েছে ভারত। বর্তমান ফর্ম ও বিকল্প শক্তির দিক থেকেও পাকিস্তানের থেকে শুবমান গিলের দল অনেক এগিয়ে। তাই বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের ভারতকে হারাতে হলে প্রায় অলৌকিক কিছু ঘটাতে হবে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের মাঝে বেশ কয়েকদিন যুদ্ধাবস্থা বিরাজ করেছিল। দুই দেশই পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে। এরপর হামলা থামলেও উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। ফলে এ লড়াই কোটি সমর্থকের কাছে শুধু ক্রিকেট ম্যাচ নয়, এক বিশেষ প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। তবে মাঠে খেলোয়াড়দের আচরণ বরাবরের মতোই পেশাদার থাকবে বলেই আশা করা হচ্ছে।