তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন পুলিশের

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে 'কনটেন্ট ক্রিয়েটর' তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড চেয়ে সিএমএম আদালতে আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যার মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদিকেও এ মামলায় আসামি করা হয়েছে। নাসির উদ্দিন ২২ নম্বর ও তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

একই মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থানার এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।