৫ বছরের কারাদণ্ডাদেশ থেকে বাঁচতে ১০ বছর ফেরারি থাকারও রেহাই পেলেন না নয়ন সরকার বাবু। বিরামপুর থানা পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। তিনি উপজেলার বাগলপাড়া গ্রামের গোফফার আলী সরকারের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক দেশ রূপান্তরকে জানান, আজ সোমবার সাজাপ্রাপ্ত আসামিকে কারাদণ্ডাদেশ কার্যকরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিরামপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) আমীর হোসেন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নয়ন সরকারের অবস্থান শনাক্ত করা হয়। পরে রবিবার (২৪ আগস্ট) গভীর রাতে বিরামপুরের ঢাকা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, নয়ন সরকার বাবুর বিরুদ্ধে ২০১৫ সালের ১২ আগস্ট সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর সম্প্রতি সিরাজগঞ্জের একটি আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।
এ ব্যাপারে সিনিয়র আইনজীবী মওলা বক্স জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিবার চাইলে আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।