চট্টগ্রামে সৈকত বার ও রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি রেস্টুরেন্টে আগুন লেগে পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে। 

এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান জানান, সকালে সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে   ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের তিনটি দল আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে রেস্টুরেন্টের আসবাবপত্র ও সাজসজ্জার সরঞ্জাম পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী খলিলুর রহমান।   

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, আগুনে তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।