শিক্ষকগণ তাদের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কার্যকর নাগরিক হিসেবে গড়ে তোলেন, একইসাথে, শিক্ষকরা জ্ঞান, ও প্রজ্ঞার মাধ্যমে দেশের প্রয়োজনে অবদান রাখেন; সেজন্য সমৃদ্ধ জাতি গঠনে আমাদের দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ড. আহসান এইচ. মনসুর। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে ড. আহসান এইচ. মনসুর এসব কথা বলেন।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. ফরাসউদ্দিন। তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে বর্তমান গভর্নর দক্ষতার সাথে পরিচালনার করছেন। পাশাপাশি ড. ফরাসউদ্দিন আশা প্রকাশ করেন, বর্তমান গভর্নর সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল এবং গভর্নর পদটিকে সাংবিধানিক পদে অনুমোদনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সুফিয়া ইসলাম এবং প্রশিক্ষণ গ্রহণকারী দু’জন শিক্ষক। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ৩৪ জন শিক্ষকের হাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ড. আহসান এইচ. মনসুর সনদ তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।