ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেছেন, ভালো মানুষের অভাব দেশের দুর্নীতি বৃদ্ধির অন্যতম কারণ। বাংলাদেশের দুর্নীতি কমানোর সবচেয়ে বড় চাবিকাঠি হলো ভালো মানুষ গড়ে তোলা, এবং সেই কাজের শুরু হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শনকালে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রথম ধাপ। আশা করি সুশাসিত বাংলাদেশ গড়ার কাজ এখান থেকেই শুরু হয়েছে। তখনই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব হবে।
জেমস গোল্ডম্যান জেলা শিক্ষা অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এর আগে তিনি টিআইবির বরিশাল কার্যালয় পরিদর্শন করেন এবং বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে গিয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সীমাবদ্ধতা ও সংকট নিয়ে কথা বলেন। তিনি এই সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, বরিশাল সনাক সভাপতি গাজী জাহিদ হোসেন, শাহ শাজেদা, শুভংকর চক্রবর্তী এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আশফাকুর রহমান।