শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি

কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে বিএনপি। আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রবিবার জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে 'কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর' বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

পরে আজ সোমবার এক ব্রিফিংয়ে ফজলুর রহমান দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি নির্দিষ্ট সময়ে উত্তর আমার দলকে দেব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দিবে সেটা আমি মাথা পেতে মেনে নেব।

এদিকে সোমবার তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামে একটি ভবনের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফজলুর রহমান।