টেকনাফে শিশুকে ধর্ষণের পর হত্যায় ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে ৯ বছরের শিশু ফারিয়া খানম জেরিনকে ধর্ষণ ও হত্যা করে লাশ গুমের চাঞ্চল্যকর মামলায় একজনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইরফান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউনুছ জানান, ইতোমধ্যে ইরফান তার অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। অপরাধ সংগঠনের সময় তার বয়স ছিল ১৬ বছর। আদালত ইরফানের কম বয়স বিবেচনায় ধর্ষণ ও হত্যার অপরাধে ১০ বছর কারাদণ্ড এবং লাশ গুম করার অপরাধে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। দুই সাজা সে একই সাথে ভোগ করবে অর্থাৎ এ ক্ষেত্রে তাকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।

মো. ইউনুছ আরও জানান, ২০২৩ সালের ২৭ জুলাই টেকনাফের হ্নীলার আল জামিয়া আল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী ফারিয়া খানম জেরিনকে মুখে রুমাল গুজে ধর্ষণ করে একই মাদ্রাসার শিক্ষার্থী ইরফান। এসময় জেরিন চিৎকার করার চেষ্টা করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য জেরিনের মায়ের মোবাইলে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ইরফান। এই বিষয়ে র‍্যাব ও পুলিশকে জানালে র‍্যাব তাৎক্ষনিক অভিযান চালিয়ে ইরফানকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে মাদ্রাসার এতিমখানা ভবন ও ভবন সংলগ্ন বাউন্ডারীর মাঝখানের ফাঁকা জায়গা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত ইরফানের বাবা ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন।

ঘটনার দুই দিন পর ২০২৩ সালের ২৯ জুলাই টেকনাফ থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা। মামলাটির দীর্ঘ শুনানি ও বিচার প্রক্রিয়া শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।