এডিসি রেজাকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কারওয়ান বাজার থেকে ছিনতাইকারী মো. রিপনকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগ। 

রাতে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার রাকিব খাঁন বলেন, “গত ১২ আগস্ট সকালে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এক ছিনতাইকারীকে ধাওয়া করে। এসময় সে মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। ওই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন এডিসি সুমন রেজা। ওই সময় ছিনতাইকারীকে পালাতে দেখে এডিসি রেজা গাড়ি থেকে নেমে আটকের চেষ্টা করেন। সে সময় ছিনতাইকারী রিপন তার হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে এডিসি রেজার ডান হাত কেটে যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে তেজগাঁও থানায় একটি মামলা করেন তিনি। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় চারটি মামলা রয়েছে।”

ছিনতাইকারীকে মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতে তোলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।