২৯ থেকে ৩১ আগস্ট কানাডার মন্ট্রিয়েলে হতে যাচ্ছে ৩৯তম ফোবানা সম্মেলন। তিন দিনের এই সম্মেলনে এবারও অংশ নিচ্ছেন দেশীয় শোবিজের একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে বলে পরিচিত পাওয়া অধরা খান। এর আগে বেশ কয়েকবার ফোবানায় আমন্ত্রণ পেলেও শিডিউলসহ নানা কারণে যেতে পারেননি তিনি। তবে এবার ব্যাটে-বলে মিলে গেল। প্রথমবারের মতো শুধু দেশের বাইরেই নয়, ফোবানাতেও প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন এই তরুণ নায়িকা। অবশ্য এখন কানাডায় রয়েছেন অধরা খান।
গতকাল সোমবার সেখান থেকে খবরটি জানিয়ে অধরা বলেন, ‘এই প্রথম দেশের বাইরের কোনো প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছি। এর আগে নানা কারণেই অনেক প্রোগ্রামেই অংশ নেওয়া হয়নি। এমনকি ফোবানাতেই টানা চারবার আমন্ত্রণ পেয়েও অংশ নিতে পারিনি। এবার বিদেশের মাটিতে প্রথম নিজের ভাষার অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি।’ চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ আগস্ট কানাডার মন্ট্রিয়েলে হতে যাওয়া ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ এলো তার। গতকালই সুখবরটি জানিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এ নায়িকা।