ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠক শেষে সোমবার (২৫ আগস্ট) বিকেলে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- মনিরা পারভীন (৪৭), রফিকুল ইসলাম (৪৮), শহিদ আলী (৫৭), রবিউল ইসলাম (৩৫) ও মাসুম বিল্লাহ (৩০)।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় ঢুকার সময় বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো.আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
নাম-পরিচয় যাচাই বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।