ডাকসু নির্বাচনে আজ প্রচার শুরু, প্রার্থীদের জন্য নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। 

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন।

সোমবার রাত সাড়ে নয়টার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে প্রার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রচারণায় যে নিয়মগুলো মানতে হবে

শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিতরণের অনুমতি থাকবে।

প্রার্থীর নিজস্ব সাদাকালো ছবি ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের ভবন, দেয়াল, যানবাহন, গাছ, খুঁটি বা অন্য কোনো স্থাপনায় পোস্টার বা লিফলেট লাগানো নিষিদ্ধ।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করা যাবে না।

কোনো দেয়াল, যানবাহন বা স্থাপনায় কালি, চুন বা অন্য কোনো রাসায়নিক ব্যবহার করে প্রচারণা চালানো যাবে না।

প্রচারণার সময়সীমা : নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা ব্যক্তিগত বা সংগঠনগত পরিচয়ে প্রতিদিন রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। তবে ছাত্রী হলের ক্ষেত্রে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে প্রচারণা সীমাবদ্ধ থাকবে।

যা করা যাবে না : সামাজিক, আর্থিক বা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটার প্রভাবিত করা যাবে না। মজলিশ, মাহফিল বা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানো নিষিদ্ধ।

নির্বাচন কমিশন জানিয়েছে, এসব নিয়ম ভঙ্গ করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।