চীনের পণ্যে ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেট সরবরাহ না করলে চীনা পণ্যে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। 

সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

দুর্লভ খনিজ উপাদান ও ম্যাগনেটের ওপর বিশ্ববাজারে চীনের নিয়ন্ত্রণ প্রায় নব্বই শতাংশ। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোনসহ নানা প্রযুক্তিপণ্যের জন্য অপরিহার্য। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর ঘোষণা দিলে পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিং কিছু খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে।

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন মার্কিন প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি বিরল খনিজ আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

চীনের কাস্টমস তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুনের তুলনায় জুলাইয়ে আমদানির পরিমাণ ৪ হাজার ৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে।

দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য দ্বন্দ্বে পরিস্থিতি কিছুটা প্রশমিত হয়েছিল। কিন্তু নতুন এই শুল্কের হুমকি আবারও উত্তেজনা বাড়াচ্ছে। সম্প্রতি ট্রাম্প এক নির্বাহী আদেশে চীনা পণ্যে শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন। তা না হলে শুল্ক হার ১৪৫ শতাংশে পৌঁছে যেত।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন একটি সমঝোতায় পৌঁছেছিল, যাতে শুল্ক হার ১২৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশে আনার সিদ্ধান্ত হয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়।