৪ সেপ্টেম্বর নিশোর ‘আকা’

অনেকটা আনন্দঘন পরিবেশে সোমবার ( ২৫ আগস্ট) সন্ধ্যায় প্রকাশ করা হলো আফরান নিশো অভিনীত ওয়েব সিরিজ ‘আকা’র ট্রেলার। আর টেলার প্রকাশের সময়ই জানানো হয়, ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে অবমুক্ত করা হবে সিরিজটি। ভিকি জাহেদের পরিচালনায় স্যোশাল থ্রিলার ঘরানার এই সিরিজের ট্রেলারে জমজমাট এক গল্পের আভাস পাওয়া গেছে।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। ট্রেলার প্রকাশের সময় এই তারকা বলেন, ‌‘আমি সবসময় ভালো গল্প ও প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হোক। আর পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কথাই নেই! আমার চোখে ও একজন ‘সাইকোপ্যাথ’। ভালো মানুষ কিন্তু দুষ্ট। আমাদের বোঝাপড়াটাও দারুণ।’ 

ভিকি জাহেদ বলেন, ‘আগেও অনেক থ্রিলার করেছি, তবে ‘আকা’ আমার প্রথম সোশ্যাল থ্রিলার। দর্শকদের সঙ্গে এই কাজটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পরই বোঝা যাবে কতটা সফল হয়েছি।’ 

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এই সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তিনিও উপস্থিত ছিলেন ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে। আলাপকালে ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রী ‘আকা’ নিয়ে বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। তিনি সাইকো থ্রিলার জনরায় চমৎকার কাজ করেন। ‘আকা’ একটি দুর্দান্ত প্রজেক্ট হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’