রাজার সনদ বাতিলসহ চার দাবিতে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য তিন জেলায় বাজারফান্ডভুক্ত জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীতকরণ, বন্ধ থাকা ব্যাংক ঋণ চালু, দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা কার্যকর এবং রাজার সনদ বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন— সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, দফতর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য জেলায় আইন ও ভূমি ব্যবস্থাপনায় নানা সমস্যা বিদ্যমান। বাজারফান্ডভুক্ত জমি লিজ দেওয়া হলেও ব্যাংক ঋণ না পাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তারা চরম ভোগান্তিতে পড়ছে। তাই অবিলম্বে পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু এবং রাজার সনদ বাতিল করতে হবে।