নারায়ণগঞ্জে একটি মাদক মামলায় ফাহিম ইসলাম মোল্লা (২৩) নামের এক মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আর দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফাহিম ইসলাম মোল্লা রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২৪ সালের ২৮ মার্চ বিকেলে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেট এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ ফাহিম ইসলাম মোল্লা নামে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন আটক করে। পরে এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।