সহপাঠীর ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্র নিহত

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়ার আলহাজ্ব ইয়াসমিন ফয়সাল হাফিজিয়া মাদ্রাসায় আশরাফুল ইসলাম রাফি (০৮) নামে এক ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত আশরাফুল নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের জুনাইদ মিয়ার ছেলে।

পুলিশসূত্রে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) সকালে একই মাদ্রাসার ছাত্র আশরাফুল ও নোয়াপাড়ার শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে হেফজ বিভাগের এহসানুল হক নবীনের মাঝে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাদ্রাসার পিছনে নবীন ধারালো ছুরি দিয়ে আশরাফুলের বামচোখে আর পিঠের বামপাশে আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়।

পরে মাদ্রাসার সুপার কামরুল ইসলাম ও ৯নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে নবীনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

এই ব্যাপারে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হচ্ছে এবং পুলিশ হেফাজতে নেওয়া নবীনকে আদালতে প্রেরণ করা হবে।