দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বুয়েট শিক্ষার্থীদের

৩ দফা দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ প্রেকৌশল বিশ্ববিদ্যালয়েটের (বুয়েট) শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে রাত ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় গণমাধ্যমকে এই তথ্য জানান প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু।

তিনি বলেন, আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস বা আলাপ আলোচনা হয়নি। আমরা রাত ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। তাই রাত ৮টা পর্যন্ত আমরা শাহবাগেই অবস্থান করবো।

এর আগে বিকেল তিনটার পর বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্রথমে শাহবাগে আসেন তারা। সেখানে বুয়েট শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে মিছিল নিয়ে ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসেন তারা।

এ সময় দুপাশের রাস্তা বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা জানান, ৩ দফা দাবি পূরণের আশ্বাস দেয়ার আগ পর্যন্ত এ স্থান ত্যাগ করবেন না তারা।