প্রায় সাড়ে চার ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে বিকাল প্রায় পৌনে চারটা থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন তারা।
আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে শিক্ষার্থীরা শাহবাগের অবরোধ তুলে নিয়ে সেখান থেকে চলে যান। শাহবাগ থানার ওসি মনসুর খালিদ এই তথ্য নিশ্চিত করেন।
'সন্ত্রাস ও বৈষম্য' রোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থী ও প্রকৌশলীদের 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
আগামীকাল বুধবার সকাল দশটায় আবার শাহবাগে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। শিক্ষার্থীরা জানান, আজ সকালে তারা ১১ জন সদস্য নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। তবে বৈঠকে সন্তোষজনক ফলাফল আসেনি।
এ ছাড়া জনপ্রশাসন সচিব সেখানে থাকার কথা থাকলেও তিনি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সঙ্গে অভিযোগ করেন, রংপুরে প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হত্যার হুমকি দিলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
হুমকিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। এটাই তাদের প্রথম দাবি উল্লেখ করে আরও জানান, আগে তারা যে তিন দফা দাবি জানিয়েছেন, সেগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো–– ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া, সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। একইসাথে অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।