বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্র্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে উপ-প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।
গতকাল মঙ্গলবার কমিশনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। হিট প্রকল্পের সাব-প্রজেক্ট নির্বাচন প্রক্রিয়া এবং বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর বিষয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
প্রফেসর ফায়েজ বলেন, ‘হিটের বিভিন্ন সাব প্রজেক্ট প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে সব ধরনের উদ্যোগ ইউজিসি নিশ্চিত করেছে। প্রকল্প মূল্যায়নের প্রতিটি ধাপের খোঁজ আমি নিয়েছি।’
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘ইউজিসিতে যোগদানের আগে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। দীর্ঘ চাকরিজীবনের অর্জিত সম্মান কোনো কারণে বিনষ্ট হোক তা আমি কোনোভাবেই চাইব না।’ এ সময় তিনি গণমাধ্যমকর্মী ও উচ্চশিক্ষার অংশীজনদের গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, হিট প্রকল্পে ব্যক্তিগতভাবে উপ-প্রকল্প প্রস্তাব জমাদানের কোনো সুযোগ নেই। উপ-প্রকল্প প্রস্তাবসমূহ শিক্ষকরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি ও উপাচার্যের অনুমোদনের মাধ্যমে জমা দিয়েছেন। ফলে প্রকল্প প্রস্তাব নির্বাচনে আবেদনকারীর রাজনৈতিক আদর্শ দেখা ইউজিসির এখতিয়ারের মধ্যে পড়ে না। নিরপেক্ষ রিভিউয়ার এবং বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষক ও গবেষকদের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করা হয়েছে। উপ-প্রকল্প নির্বাচনে দেশ ও জাতির স্বার্থ বিবেচনা করা হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন।