দোকানিকে হত্যার দায়ে দুজনের মৃত্যুদন্ড

চট্টগ্রামে চার বছর আগে এক দোকানিকে খুনের মামলায় দুজনকে মৃত্যুদন্ডের আদেশ ও একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত দুজন হলেন বন্দর থানার ওয়াসিল চৌধুরীপাড়ার মো. বেলালের ছেলে মো. হৃদয় এবং একই এলাকার শাহাব উদ্দিনের ছেলে তানভীর মো. সজীব।

যাবজ্জীবন কারান্ডেপ্রাপ্ত আসামি কক্সবাজারের চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের আবুল কালামের ছেলে মো. আহসান।

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ বলেন, ‘ইপিজেড থানার ২০২০ সালের একটি হত্যা মামলায় আদালত দুজনকে মৃত্যুদন্ড ও ২৫ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে।

অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড-, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।’

আদালত সূত্র জানায়, নগরের ইপিজেড থানার নিউমুরিং শাহেনশাহ টাওয়ারের পাশে ত্রিপল ঘেরা দিয়ে একটি কাপড়ের দোকান করতেন মাহফুজুর রহমান (২৪)। মালামালের নিরাপত্তার জন্য রাতে দোকানেই থাকতেন তিনি।

পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে ২০২০ সালের ১ মে রাতে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়।

পরে তার লাশ পার্শ্ববর্তী সিঁড়ির রেলিংয়ের ওপর ঝুলিয়ে রাখা হয়। প্রচার করা হয় এটি আত্মহত্যা। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবদুর রহমান বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু করে। ১২ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দেয়।