শরীয়তপুরের জাজিরায় ঘুমের ব্যাঘাত ঘটায় মসজিদের ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার উমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খবির সরদার (৫৫) ওই এলাকার বাসিন্দা, পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উমরদি মাদবর কান্দি জামে মসজিদে ফজরের আজানে ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে ওই মসজিদের ইমামকে হুমকি দেয় স্থানীয় আলমাস সরদার। বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির সদস্যরা জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ক্ষিপ্ত হয়ে আলমাস তার লোকজন নিয়ে মঙ্গলবার রাতে কমিটির সদস্য কৃষক খবির সরদারের বাড়িতে গিয়ে মারধর করে একপর্যায়ে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খবিরকে মৃত ঘোষণা করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, এবিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি, তারপরও তদন্ত চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত আছে।