রাজধানী ঢাকা ও এর আশপাশে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল থেকে ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নাও আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।