ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত নাহিদ হোসেন রাসেল (৩৫) আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তিনি ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানায়, মঙ্গলবার রাতে রাসেল মোটরসাইকেলে করে কাউতলী থেকে সুলতানপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এসময় মোটরসাইকেলে থাকা তার সহযাত্রী তপু আহত হন।
নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।