নজরুল অন্যায়ের বিরুদ্ধে অনন্ত বিদ্রোহের প্রতীক: মির্জা ফখরুল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নজরুল শুধু কবিই নন, তিনি যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অবিনশ্বর প্রতীক।

বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতীয় কবিকে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।”

ফখরুলের মতে, মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে নজরুল এমন এক ঐশ্বর্যশালী ভাণ্ডার রেখে গেছেন, যা বাংলা ভাষা ও সাহিত্যকে দিয়েছে নতুন উচ্চতা। কবিতা, উপন্যাস, নাটক কিংবা গান—সব ক্ষেত্রেই নজরুল ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। তবে সর্বাগ্রে তিনি কবি, যিনি মানুষকে জাগিয়ে তুলেছেন ভালোবাসা, সাম্য আর স্বাধীনতার চেতনায়।

তিনি আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে নজরুলের কবিতা ও গান যুগান্তকারী ভূমিকা পালন করেছে। নিপীড়িত ও শোষিত মানুষের পক্ষে তার কলম ছিল তীক্ষ্ণ তরবারি, যা ঔপনিবেশিক শাসকদের ভীতসন্ত্রস্ত করেছিল। এজন্য তাকে কারাবরণ ও নির্যাতন সহ্য করতে হয়েছে।

“নজরুল আমাদের জাতীয় কবি—তিনি অবিচারের বিরুদ্ধে চিরন্তন দ্রোহের প্রতীক। তার সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে দেশপ্রেম, মানবতা ও ন্যায়ের লড়াই। সমাজে শান্তি ও সাম্যের স্বপ্ন নিয়ে তিনি আজীবন কলম ধরেছিলেন,” যোগ করেন বিএনপি মহাসচিব।

সবশেষে ফখরুল বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, নজরুল তাঁর অমর সৃষ্টিকর্মের জন্য যুগে যুগে আমাদের মাঝে বেঁচে থাকবেন।”