সাবেক মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেপ্তার

মাদারীপুরে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক মাহফুজুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা শহরের হরি কুমারিয়া আজমত আলী হাসপাতালের পেছনের দিকে অবস্থিত তাইমুর অ্যাপার্টমেন্টের দশতলা থেকে তাকে ধরা হয়। 

মাহফুজুর ঝালকাঠির নলসিটি উপজেলার রায়পুর গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে। মাদারীপুর শহরে তিনি শাজাহান খানের দুলাভাই হিসেবে পরিবারের সার্বিক পরিবহন ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এরপর থেকে তিনি জেলহাজতে রয়েছেন। মাহফুজুর পারিবারিক পরিবহন ব্যবসা পরিচালনা করার পাশাপাশি শাজাহানের অর্থের জোগান নিশ্চিত করতেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, শাজাহান খানের শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি নিশ্চিত করেননি, কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।