স্যার দেরিতে ক্লাসে আসছে একথা ছাত্র বলায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের একই ক্লাসের ৩৩ শিক্ষার্থীকে বেধরক বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে নাফসি তালুকদার নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন।
ঘটনার বর্ণনায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল বলেন, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। সহকারী শিক্ষক নাফসি তালুকদারের সপ্তম শ্রেণিতে পাঠদান ছিল। তিনি প্রায় আধা ঘণ্টা দেরিতে ১০টা ৪০ মিনিটে সপ্তম শ্রেণির কক্ষে যাচ্ছিলেন। এ সময় নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী তাকে দেখে বলে ওঠে, স্যার কখনো সময়মতো পাঠদান করাতে শ্রেণিকক্ষে যান না। আজকেও স্যার আধা ঘণ্টা দেরি করে আসছেন। নাফসি তালুকদার এ কথা শোনার পর সপ্তম শ্রেণিতে না গিয়ে নবম শ্রেণিতে এসে উপস্থিত ৩৩ শিক্ষার্থীর সবাইকে বেত্রাঘাত করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা অভিযোগ করেছে। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নির্দেশনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক এম এ জি নাফসি তালুকদার বলেন, আমি হাসপাতালে গিয়েছিলাম। একারণে আমার একটু দেরি হয়েছে। নবম শ্রেণির শিক্ষার্থীরা আমাকে দেখে বাজে কথা বলছে। একারণে ওই ক্লাসের সব শিক্ষার্থীদের মেরেছি ও শাসন করেছি। আমার স্কুলের ছাত্রদের আমি কী মারতে পারবো না।
এ ব্যাপারে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বলেন, অভিযোগ পেয়ে ওই শিক্ষককে শোকজ করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।