এশিয়া কাপের আগে দেশের মাটিতে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশের মাটিতে পা রেখেছে নেদারল্যান্ডস দল। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে ডাচরা উড়াল দিয়েছে সিলেটের উদ্দেশে।
চলতি আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তার অজুহাতে বিসিসিআই সফরটি বাতিল করে। এমতাবস্থায় নেদারল্যান্ডসকে সিরিজ খেলার আমন্ত্রণ জানায় বিসিবি। কারণ, এশিয়া কাপের আগে প্রায় দেড় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের। বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছে ডাচরা।
এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সফরকারী দলের ক্রিকেটাররা সিলেটে পৌঁছে আজ বিশ্রাম নেবেন। আগামীকাল সন্ধ্যায় ও আগামী পরশু দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা আছে। ৩০ আগস্ট থেকে শুরু হবে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ। সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।