বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন

আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে অন্য উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার রয়েছেন। এছাড়া কমিটিতে প্রকৌশলীদের সংগঠনগুলোর প্রতিনিধিদেরও রাখা হয়েছে। 

মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের জন্য কমিটি এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে। 

কমিটি প্রয়োজনবোধে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।