ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত, তাই সদস্যপদ স্থগিত করা হয়েছে। যে যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য বা অবস্থানের দায়ভার দল মেনে নেবে না।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমরান সালেহ প্রিন্স বলেন, তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপির সঙ্গে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আনুষ্ঠানিক পথচলা শুরু হয় ২০০৭ সালে। পরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সংগঠনটি দলের স্বীকৃতি পায়। এরপর থেকে তারা মানববন্ধন, পদযাত্রা, আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এবং সরকারে যুক্ত দোসরদের দ্বারা আমাদের অনেক নেতাকর্মী মামলা-হামলা এবং কারাবরণের শিকার হন। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা দলের সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের দ্বারা নির্দেশিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়েছে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের রাজনৈতিক রোল মডেল। তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার সঙ্গে আমরা নিবিড় ও গভীরভাবে আবদ্ধ। ওই ঐতিহাসিক দলিলের দ্বিতীয় নম্বরে বর্ণিত ‘রেইনবো ন্যাশনসের’ আমরা সমতল অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠী ধারণাপত্রের এক একটি রং। দলিলের ১৬ নম্বরে বিশেষভাবে আমাদের মতো অনগ্রসর জাতিগোষ্ঠীর অধিকার এবং সুরক্ষার কথা দলীয়ভাবে স্বীকৃত।

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট বিকেল ২টায় ময়মনসিংহ টাউন হলে সমতল অঞ্চলের ১২ জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের উপদেষ্টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার।