ক্রিকেটের একটি বল থেকে কত রান তোলা সম্ভব? নো বল ধরে নিলেও ৭ রান। কিন্তু নিয়মের বেড়াজালে একটি বৈধ বল থেকে ২০ রান উঠেছে! এই কাণ্ড ঘটেছে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এক বলে ২০ রান দিয়ে ‘ভিলেন’ হয়েছেন সেন্ট লুসিয়া কিংসের বোলার ওশানে টমাস আর নায়ক বনে গেছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যাটার রোমারিও শেফার্ড।
ঘটনা ম্যাচের ১৫তম ওভারের। ওশানে টমাস তৃতীয় বলটি করেন নো বল। পরের বলটি ওয়াইড হওয়ায় ফ্রি হিট বহাল থাকে। পরের বলটিও নো বল করেন টমাস। সেই বলে ছক্কা হাঁকান শেফার্ড। আরও একটি ফ্রি হিট পাওনা হয়ে যায়। সেই বল করতে এসে আবারও নো বল করেন টমাস। আবার ফ্রি হিট। পরের বলটি অবশ্য বৈধ বলই করেছিলেন টমাস, কিন্তু শেফার্ড সেটিকেও উড়িয়ে সীমানাছাড়া করেন।
এভাবেই একটি বৈধ বল থেকে আসে ১৮ রান। শেফার্ড অপরাজিত থাকেন ৩৪ বলে ৫ চার এবং ৭ ছক্কায় ৭৩ রানে। স্ট্রাইকরেট ২১৪.৭০! অন্যদিকে বেচারা থমাস ৪ ওভারে খরচ করে বসেন ৬৩ রান, শিকার করেন একটি উইকেট। কিন্তু বিস্ময়করভাবে ৬ উইকেটে ২০২ রান তুলেও জিততে পারেনি গায়ানা। অকিম অগুস্তের ৩৫ বলে ৭৫ রানে ১১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জিতে যায় সেন্ট লুসিয়া।