ইন্টার মায়ামিতে অনিশ্চয়তা, অবসরের ইঙ্গিত দিলেন মেসি সতীর্থ

ইন্টার মায়ামিতে সার্জিও বুসকেটসের ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার জানিয়েছেন, এখনো তাঁর নতুন করে চুক্তি কিংবা বিদায়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সম্ভাবনাও ক্রমেই বাস্তব হয়ে উঠছে।

লিগস কাপ সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বুসকেটস বলেন, ইউরোপে ফেরার কোনো ইচ্ছে তাঁর নেই। স্পেনে বা ইউরোপে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, “বার্সেলোনা ছাড়ার সময়ই জানতাম আর স্পেন বা ইউরোপে ফিরব না। এখন আমার বয়সও অনেক।”

তবে তিনি ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তির দরজাও পুরোপুরি বন্ধ করে দেননি। প্রয়োজনে নির্দিষ্ট খেলোয়াড় হিসেবে নয়, বরং সহায়ক ভূমিকায় থেকে নতুন শর্তে খেলতে রাজি হতে পারেন বলে জানান।

বুসকেটস বলেন, “অবসরের চেয়ে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এখনো চুক্তি নবায়ন বা বিদায়—কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।” তাঁর এই মন্তব্যে জোরালো হচ্ছে ধারণা যে ক্যারিয়ারের ইতি টানার সময় হয়তো ঘনিয়ে এসেছে। কারণ, চলতি বছরের শেষেই শেষ হবে তাঁর বর্তমান চুক্তি।

২০২৩ সালে বন্ধু লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন বুসকেটস। বার্সেলোনায় একসঙ্গে এক যুগের বেশি সময় কাটানো এই জুটি যুক্তরাষ্ট্রে মায়ামিকে নতুন উচ্চতায় নেওয়ার প্রকল্পের অংশ হিসেবে আসেন। তাই বুসকেটস বিদায় নিলে দলের মিডফিল্ডে বড় ধরনের শূন্যতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

অরল্যান্ডো সিটির বিপক্ষে সেমিফাইনালকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। আগের দুটি ম্যাচে ০-৩ ও ১-৪ ব্যবধানে হেরেছে মায়ামি। বুসকেটস বলেন, “আমি মনে করি এটা ৫০–৫০ ম্যাচ। আমরা ঘরের মাঠে খেলছি, সেটাই আমাদের প্লাস পয়েন্ট।”

এদিকে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির চোট নিয়েও শঙ্কা রয়ে গেছে। নেকাক্সার বিপক্ষে ২ আগস্ট ইনজুরির পর টানা চার ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা। যদিও তিনি অনুশীলনে ফিরেছেন, তবে অরল্যান্ডো সিটির বিপক্ষে সেমিফাইনালে নামবেন কি না, সে সিদ্ধান্ত ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানানো হবে।