বেলুচিস্তানের সীমান্তবর্তী ঝোব জেলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে ৪৭ জন অনুপ্রবেশকারী নিহত হয়েছে। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
ঝোব জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত আছে। বলা হচ্ছে, হতাহতরা আফগান সীমান্ত পেরিয়ে ঝোব জেলায় অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাদের বেশিরভাগই আফগান নাগরিক।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, সীমান্তের সাম্বাজা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় ছিল একদল ব্যক্তি। বিষয়টি আঁচ করতে পেরে গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। দুপক্ষের পাল্টাপাল্টি গুলিতে নিহত হন ৪৭ জন অনুপ্রবেশকারী।
সূত্রের তথ্য অনুযায়ী, হতাহতরা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। তবে আরেকটি সূত্র জানিয়েছে, তারা টিটিপিতে যোগ দিতে অনুপ্রবেশ করছিলেন।
অভিযানে নিরাপত্তা বাহিনীর কতজন হতাহত হয়েছে তা জানাননি কর্মকর্তার। তবে তারা দাবি করেছেন, অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছেন, বাকিরা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন।
২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশটির সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।
থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স)-এর তথ্য অনুসারে, গত জুন মাসে পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলা ঘটেছে এবং এসব হামলায় প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।